জনসেবায় নিবেদিত প্রাণ: হান্ডিয়ালের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদের উন্নয়ন কার্যক্রম
- Update Time : ০৩:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার ১ নং হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মোঃ আব্দুর রশিদ জনগণের আস্থা ও ভালোবাসায় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাঘল বাড়ী ও বাঘল বাড়ী কৈ গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ডটিতে সামাজিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে তিনি নিয়মিত তৎপর রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ আব্দুর রশিদ ৯ নং ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, কালভার্ট নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখছেন। এছাড়া সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি—যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি কার্ড প্রকৃত সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছতার সঙ্গে বিতরণে তিনি সচেষ্ট।
স্থানীয় বাসিন্দারা জানান, মেম্বার আব্দুর রশিদ যে কোনো সামাজিক সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসেন। গ্রাম্য সালিশ-মীমাংসা থেকে শুরু করে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতায় তিনি সবসময় আন্তরিক।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, “জনগণ আমাকে ভালোবেসে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করছি। ৯ নং ওয়ার্ডের বাঘল বাড়ী ও বাঘল বাড়ী কৈ গ্রামকে একটি আধুনিক ও আদর্শ এলাকায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”
তিনি এলাকার অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।



















