দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
- Update Time : ১১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ Time View

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য (সিজার মূল্য) ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফউজ্জামান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের জোয়ানরা সীমান্তবর্তী পৃথক তিনটি স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়:
ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট: ৮৫০ পিস
বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ: ২১১ বোতল
ভারতীয় প্রসাধন সামগ্রী (কসমেটিকস): ৩৮ পিস
খাদ্য সামগ্রী: ২৮ প্যাকেট
অন্যান্য পণ্য: ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা।
সীমান্তে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা দিয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো মূল্যে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




















