লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০৭:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বেজগাঁও ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ফারজানা ববি মিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, অফিস, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ডাবের খোসা, ময়লা-আবর্জনা এবং যেসব স্থানে কয়েক দিন পানি জমে থাকতে পারে, সেসব স্থান দ্রুত পরিষ্কার করা জরুরি।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি শনিবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ কর্মসূচি চলবে।
ছুটির দিনে কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউএনও বলেন, সরকারের একার পক্ষে প্রতিটি বাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহিত করতে হবে।
পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যসহ পরিষদের অন্যান্য সদস্য অংশ নেন। তাদের মধ্যে মো. আবু তাহের মৃধা, মো. ইসমাঈল মোল্লা, মো. মিজানুর রহমান মিজু, মো. মুনসুর ও মহিলা সদস্য লিজা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া লৌহজং উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে মো. মনির হোসেন শিকদার, মো. আসলাম হোসেন, মো. মিজান, মো. কাদির দেওয়ান, মো. অস্টিন খান, মো. আজিম ও মো. জাহিদুল ইসলাম আকাশসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মালির অংক বাজার কমিটির সভাপতি হাজী মন্টু বেপারীসহ স্থানীয় ব্যবসায়ীরাও র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।



















