লৌহজংয়ে ৩৭ পূজামণ্ডপে সরকারি চাল বিতরণ, ব্যক্তিগত অনুদানের ঘোষণা এমপি সালাম আজাদের
- Update Time : ০৪:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৩৭টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা ও পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দও এ উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা করি।”
তিনি আরও বলেন, “বিগত জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে বিপুলসংখ্যক ভোট পেয়েছি। তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে লৌহজংয়ের প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, এ বছর লৌহজং উপজেলায় ৩৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ব্যবহার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পূজামণ্ডপে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করতে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, আব্দুস সালাম মোল্লা ও ওমর ফারুক অবাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল দাস, লৌহজং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সান্তুনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি বাবু মনোজ কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা এবং উপজেলা বিএনপির সদস্য হাজী বাদল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে। পাশাপাশি এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।



















