দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি
- Update Time : ০৩:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা।
স্মারকলিপিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাশাপাশি পূজার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে প্রতিটি পূজামণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েনের দাবি জানানো হয়। একই সঙ্গে পূজার আগে ও পরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গোৎসবে অংশ নিতে পারবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সদস্য কানিজ রহমান, জেলা কমিটির সহসভাপতি মনোয়ারা সানু ও মিনতি ঘোষ, সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম এবং নাট্য সমিতির সদস্য রবিউল আউয়াল খোকাসহ অন্যরা।
স্মারকলিপিতে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আরা খাতুন ও সাধারণ সম্পাদক রুবিনা আক্তার যৌথভাবে স্বাক্ষর করেন।




















