জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ পুলিশ
- Update Time : ০৫:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

বাংলাদেশে ঘুরতে এসে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) ল্যাপটপ উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম পর্যটকের হাতে উদ্ধারকৃত ল্যাপটপটি তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশন হয়ে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে ল্যাপটপ ও ক্যামেরা না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে নাটোর থানা পুলিশের সহায়তা চান।
উদ্ধারকৃত ল্যাপটপে পর্যটকের বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও নথি সংরক্ষিত ছিল। পর্যটকের লিখিত আবেদনের প্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক যৌথ দল অনুসন্ধানে নামে। টানা অভিযানে গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করা হয়।
ল্যাপটপ ও ক্যামেরা দ্রুত উদ্ধার করায় ক্রিল ল্যান্ডার-ওয়েবার বাংলাদেশ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে তাঁর ভ্রমণকালীন ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও ল্যাপটপ উদ্ধারে অসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ আইজিপি আজ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কারে ভূষিত করেন।
অভিযানে সংশ্লিষ্ট সকল সদস্যের দক্ষতা ও দায়িত্ববোধের প্রশংসা করে আইজিপি দেশের সকল পুলিশ ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা প্রদান, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনমুখী পুলিশি সেবার মাধ্যমে আস্থা অর্জনের নির্দেশ দেন।
জার্মানপর্যটক #বাংলাদেশপুলিশ #ল্যাপটপউদ্ধার #আইজিপি #নাটোরপুলিশ #ট্যুরিস্টপুলিশ #রেলওয়েপুলিশ #বাংলাদেশভ্রমণ #পুলিশসেবা #অপরাধউদ্ধার #বাংলাদেশনিউজ



















