সাইবার নজরদারি জোরদারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সভা
- Update Time : ০৯:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর ২০২৬:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ন্ত্রণে সাইবার মনিটরিং কার্যক্রম আরও জোরদারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে অনলাইনে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় Zoom প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিবি পুলিশ এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সন্দেহজনক তথ্য দ্রুত শনাক্ত করা, তথ্যের উৎস যাচাই এবং সত্যতা নিশ্চিতের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভুয়া ছবি, ভিডিও কিংবা পুরোনো কোনো ঘটনার দৃশ্য নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা কীভাবে শনাক্ত করা যায়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
আসন্ন দুর্গাপূজা ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্দেহজনক কনটেন্ট দ্রুত যাচাই করার নির্দেশ দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার গুজব মোকাবিলায় সমন্বিত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। কোনো তথ্য নজরে আসার পর প্রথমে সেটি শনাক্ত ও যাচাই, এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা এবং প্রয়োজন অনুযায়ী জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ পোস্ট বা কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা পেজের তথ্য এবং প্রকাশের সময় সংরক্ষণ করার কথাও বলা হয়। কোনো ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানা, গোয়েন্দা ইউনিট ও প্রশাসনের মধ্যে দ্রুত যোগাযোগ ও সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আরও বলা হয়, যাচাই না করে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গুজব বা অপতথ্যের কারণে যাতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক কিংবা বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কোনো কনটেন্টে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যপ্রবাহ পর্যবেক্ষণ আরও গতিশীল করা এবং গুজব ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত ও যাচাইয়ের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।



















