সাতক্ষীরায় বিচারকদের সাথে মতবিনিময় করলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
- Update Time : ০৬:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

সাতক্ষীরায় বিচার বিভাগের বিভিন্ন জটিলতা ও সংকট নিরসন করে এর কার্যক্রমে আরও গতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং জেলার
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার
(১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিচার ব্যবস্থার বিভিন্ন সংকট, অবকাঠামোগত সমস্যা এবং মামলা জট কমানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন,
স্থানীয় আদালত কেন্দ্রিক যেসব সংকটের কথা আমরা জেনেছি, সেগুলোর বাস্তবসম্মত সমাধান করেই সরকার সামনে এগিয়ে যাবে।সীমান্ত জেলা হিসেবে মাদক চোরাচালানের প্রতি ইঙ্গিত করে তিনি সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার জোর আহ্বান জানান।
একই সাথে মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া চালু করার নির্দেশনা দেন।
মন্ত্রী বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী জানান, বিচার বিভাগের নানা জটিলতা দূর করে একে শতভাগ গতিশীল করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
স্থানীয় পর্যায়ের আইনি বাধা ও সমস্যাগুলো দ্রুতই সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে ৪ দিনের সরকারি সফরের অংশ হিসেবে শনিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিচার বিভাগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজকের মতবিনিময় সভায় জেলা আদালতের বিচারকগণ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং বিচার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















