চান্দাইকোনায় সিএনজি থেকে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক
- Update Time : ০৬:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার বিনিময়ে চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ উদ্দিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী গ্রামের মৃত ছাইফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে নিয়মিত সিএনজি অটোরিকশা রেখে যাত্রী ওঠানামা করেন চালকেরা। অভিযোগ, হাটের দিন সেখানে গাড়ি রাখার অনুমতি ও ‘চেইন মেইনটেইন’ করার কথা বলে চালকদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হতো।
এভাবে টাকা আদায় ও হয়রানির প্রতিবাদে কয়েকজন সিএনজি চালক রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্তে নামে। পরে এক চালক বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মহাসড়কের পাশে গাড়ি রাখার নামে চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



















