বোদায় শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
- Update Time : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের নির্দেশনা এবং কেন্দ্রীয় ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বোদা পাইলট সরকারি স্কুল ও বোদা সরকারি পাথরাজ কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ও টায়ারে যেন বৃষ্টির পানি জমে না থাকে, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে হবে। আয়োজকরা জানান, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ এবং বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে এর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাধ্যমে পুরো সমাজে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
সচেতন হই, পরিচ্ছন্ন থাকি—ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি।



















