জনপ্রতিনিধি ও আলেমদের নিজ নিজ অবস্থানে যথাযথ সম্মানের আহ্বান: কুলাউড়ার স্থানীয় ওয়াজ মাহফিল ঘিরে নতুন চর্চা
- Update Time : ০৬:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

রাশেদ আহমদ মেীলভীবাজার জেলা প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষায় আলেমের ভূমিকা এবং স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষায় জনপ্রতিনিধির ভূমিকা—এ দুটি পৃথক অবস্থানকে যথাযথ মর্যাদায় দেখার ও মূল্যায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সম্প্রতি কুলাউড়ায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী এবং কুলাউড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকুর উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট আলোচনার প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া উঠে আসে।
মাহফিলে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিদের আগমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, ড. এনায়েত আব্বাসী হুজুর তাঁর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। অন্যদিকে, কুলাউড়া-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু স্থানীয় জনগণের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা থেকে কোনো প্রকার সম্মানী ব্যতীত সাধারণের মাঝে উপস্থিত হন।
ঘটনাটিকে কেন্দ্র করে নেটদুনিয়ায় ভুল ব্যাখ্যা ও স্লোগানবাজির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সচেতন নাগরিকদের মতে, একজন আলেম দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে কাজ করেন, আর একজন জনপ্রতিনিধি কাজ করেন এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সর্বসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করতে। ফলে কাউকে ছোট বা হেয় না করে, উভয়কেই তাঁদের কাজের ধরন ও অবদানের ভিত্তিতে উপযুক্ত সম্মান জানানোই নাগরিক শিষ্টাচার।
এ বিষয়ে স্থানীয় প্রবীণ ও সচেতন ব্যক্তিবর্গ জানান, “বর্তমান ডিজিটাল যুগে ওয়াজ মাহফিলের আয়োজন এবং বক্তা নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীল চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। ওয়াজের মূল উদ্দেশ্য হওয়া উচিত নৈতিকতা, ধর্মীয় সঠিক জ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো—কোনো প্রকাশ্য প্রতিযোগিতা বা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা নয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন ভিডিও ও বক্তব্যের সত্যতা যাচাই না করে অহেতুক বিশৃঙ্খলা না সৃষ্টির জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, কারো সম্মানহানি করা বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হলে তা আইনগতভাবে তদন্তের দাবি রাখে বলেও মনে করেন স্থানীয়রা।
ব্যক্তিগত মতপার্থক্য ভুলে এলাকার বৃহত্তর স্বার্থ, পারস্পরিক শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখাই এখন কুলাউড়াবাসীর প্রধান প্রত্যাশা।



















