কুলাউড়ায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- Update Time : ০৮:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় মানবিক ও সামাজিক সংগঠন ‘Bond of Humanity’ এবং ‘মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে কুলাউড়া ও এর পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখের সার্বিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন Bond of Humanity-এর এডমিন তাহিয়ান ছাহিব, তাওছিফ আল মাহমুদ, আবুল হাসান নায়েদ ও মেহেদী লতিফ। মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম মিয়া এবং অর্থ বিভাগের পরিচালক লোকমান মিয়া।
এছাড়াও আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুলাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সামছু, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইসলাম উদ্দিন, কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম এবং নিঃস্বার্থ মানবিক রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
অন্যান্যদের মধ্যে সংগঠনের সদস্য শামসুল ইসলাম, জাহীরুল ইসলাম সাহিদ, আরিদ আহমদ, পিয়াল, মারুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজ থেকে অন্ধকার দূরীকরণ ও মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।



















