শেৰপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে ২০০ স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি-র নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শেরপুরে ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। আজ জেলা শহরসহ সকল উপজেলার প্রধান প্রধান বাজার, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে শেরপুর জেলার মোট ২০০টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো জেলায় মোট ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। স্থানীয়দের সম্পৃক্ত করে জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
এ অভিযানে সরজমিনে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস ফরিদা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস সঞ্চিতা বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযানকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা বৃদ্ধির জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।



















