চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও সিগারেট লুটের প্রধান আসামি সরাইলে গ্রেপ্তার
- Update Time : ১০:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

চট্টগ্রামে পিকআপভ্যানের গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, চালক ও হেলপারকে মারধর এবং বিপুল পরিমাণ সিগারেটের চালান লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআরবি-৯ (ব্রাহ্মণবাড়িয়া) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের তিতাস গ্যাস ফিল্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর অংশীদাররা চট্টগ্রামের কাজীর দেউড়ি থেকে পিকআপভ্যানে করে বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশি সিগারেট নিয়ে রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। পথে কোতোয়ালি থানার লাভলেইন মোড়ে একদল অস্ত্রধারী পিকআপটির গতি রোধ করে চালক মো. আনোয়ার হোসেনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক ও হেলপার জাহিদকে লোহার রড ও লাঠি দিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরবর্তীতে তারা পিকআপে থাকা প্রায় ৭৮ মাস্টার কেস সিগারেট অন্য একটি গাড়িতে তুলে নিয়ে সটকে পড়ে।
ঘটনার পর ব্যবসায়ী আমিনুল ইসলাম চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অপরাধ সংঘটিত করে আসামি কীভাবে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান নিলেন, এ ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না এবং লুট হওয়া চালানটি কোথায় গেছে—এসব বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



















