রায়গঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা
- Update Time : ০১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারী।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকার, সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও সহসভাপতি সঞ্জয় চন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং পূজা চলাকালে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোনো ধরনের গুজব বা সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে সবাইকে উৎসবটি উদযাপন করতে হবে। পূজার আনন্দ যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রায়গঞ্জে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
সভা শেষে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রায়গঞ্জে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



















