লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা, ১ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ
- Update Time : ০৫:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মুক্তার হোসেন খান, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেত্রী তাসলিমা বেগমসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলা জরুরি। নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকাও নিরাপদ হবে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
পরে লৌহজং উপজেলার তালিকাভুক্ত ১ হাজার নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তা হিসেবে এ খাদ্যশস্য দেওয়া হয়।



















