সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 10

সাভার ও আশুলিয়া ইপিজেড এলাকার শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলন নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৪ নভেম্বর ২০২৬ তারিখে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুস্তাফিজুর রহমান।
এছাড়াও সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কারখানা মালিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন শিল্পাঞ্চলে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানায় শান্তিপূর্ণ কর্মপরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর তাগিদ দেন।
তিনি বলেন, “শ্রমিকদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি ঢাকা জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও দায়িত্বশীল। কিন্তু কোনো স্বার্থান্বেষী মহল বা বহিরাগত চক্র যাতে শ্রমিকদের আবেগ ও দাবিকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
পুলিশ সুপার হুশিয়ারি ব্যক্ত করে বলেন, “কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা জনগণের জানমালের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সভায় শ্রমিকদের যৌক্তিক দাবি ও কল্যাণের কথা বিবেচনায় নিয়ে নতুন মজুরি বোর্ড গঠন, দ্রুত বেতন কাঠামো কার্যকর করা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন বজায় রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একইসঙ্গে যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থেকে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বিধান, শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।






















