সুন্দরবনে বনদস্যু বাহিনীর হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
- Update Time : ১২:২২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গত রবিবার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ থানার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যায় দস্যুরা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন–পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)।
কোস্ট গার্ড জানায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।#



















