উলিপুরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন।
- প্রকাশের সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 28

উলিপুরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন।
কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রান্তিক কৃষক এবং উলিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হবে।
এ সময় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমিতে সঠিক ও পরিমিত মাত্রায় সার ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।


























