কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
- Update Time : ১০:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামারুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবি সদস্যরা। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশীত রায় চৌধুরী, প্রদীপ পাল (ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, জয়ন্ত, শম্ভু, রঞ্জিত, দীপক ঘোষ ও অমিত চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, কলারোয়া উপজেলায় এ বছর মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। সবগুলো পূজামণ্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকছে বলে জানা যায়।



















