ঈদগাঁওতে গাঁজাসহ যুবক আটক: হরিপুরের নুরুন নাহারের মাদক কারবারের তথ্য ফাঁস
- Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ Time View

ইউসুফ চৌধুরী বিল্লু, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গাঁজা সেবনের অভিযোগে হাতেনাতে এক যুবককে আটক করেছে স্থানীয় সচেতন যুবসমাজ। পরবর্তীতে তাকে স্থানীয় ইউপি সদস্যের নিকট হস্তান্তর করা হয়। আটক ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে উন্মোচিত হয়েছে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিপুর এলাকার এক নারী মাদক কারবারির নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে এলাকার একদল সচেতন যুবক নিয়মিত টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান। পরে যুবকরা তাকে হাতেনাতে আটক করে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. নাঈমুল ইসলামের কাছে নিয়ে যান।
আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেন যে, সেবনের উদ্দেশ্যে আনা এই গাঁজা তিনি ৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ হরিপুর এলাকার ‘নুরুন নাহার’ নামের এক নারীর কাছ থেকে কিনেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য হাফেজ মো. নাঈমুল ইসলাম বলেন, “আমার ৮নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এলাকার যুবকরা যে সচেতনতা ও সার্বিক সহযোগিতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।”



















