মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসবের আমেজ
- Update Time : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

২২ পদে ১০১ মনোনয়নপত্র, ভোট দেবেন ৫৬৮০ শ্রমিক
দিনাজপুর জেলা প্রতিবেদক, মোঃ মশিউর রহমান: দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজঃ ১১৬৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ২২টি পদের বিপরীতে ১০১টি মনোনয়নপত্র বিক্রির পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। সুইহারীস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউনিয়নের ৫ হাজার ৬৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই বিভিন্ন প্রার্থী সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়ন কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহ-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সড়ক সম্পাদক, সহ-সড়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে নির্বাচিত হবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হবেন।
শ্রমিক নেতারা বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য সুযোগ-সুবিধা, চিকিৎসা সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোসহ শ্রমিক কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। এ কারণে ভোটাররা যোগ্য, সৎ ও শ্রমিকবান্ধব নেতৃত্ব বেছে নিতে চান।
নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্টদের প্রত্যাশা, কোনো ধরনের প্রভাব, পেশিশক্তি কিংবা বিভেদ নয়—শ্রমিকদের মতামত ও ভোটাধিকারই সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রার্থীরা নিজেদের যোগ্যতা, শ্রমিকদের প্রতি অবদান ও কর্মফলের ভিত্তিতে ভোটারদের সমর্থন চাইবেন।
সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা শ্রমিকদের।
প্রকাশক: দৈনিক জনতার খবর






















