নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অনুমোদনহীন ঘর নির্মাণ, ১০ দিনের কারাদণ্ড
- Update Time : ১১:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২৫ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমোদন ছাড়া ঘর নির্মাণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৪৬) নামে এক রোহিঙ্গাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ডি-ব্লকে অভিযান পরিচালনা করে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল।
অভিযানে এসআই (নিঃ) আজিজুল হাকিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের সময় আবু বক্কর সিদ্দিককে আটক করেন।
পরে তাকে ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) কার্যালয়ে নেওয়া হলে সরকারি আদেশ অমান্যের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবদুল হাকিম।
এপিবিএন জানায়, সাজা কার্যকর ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে।




















