বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
- Update Time : ১২:০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

শাহিনুর ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ শনিবার বাদ আসর কেসিসি পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া সরকার গঠন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে স্বল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে একটি সম্পদশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যান।
তিনি আরও বলেন, দেশের এই মহীয়সীর জন্মবার্ষিকীতে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর প্রিয় সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেছেন উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টার সফলতা কামনা করেন।
মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ইমরান উল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ,কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















