মিরপুর-১ মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট এলাকা: ফুটপাত ও হাঁটার পথ অবৈধ দখলে, চরম দুর্ভোগে ৫ হাজার বাসিন্দা
- Update Time : ০৫:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

রাজধানীর মিরপুর-১ এলাকার মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট (আড়ং/জিমার্ট ভবন) কমপ্লেক্সের চারপাশের ফুটপাত ও হাঁটার পথ অবৈধ দখলদারদের কবজায় চলে গেছে। এর ফলে ওই এলাকার প্রায় পাঁচ থেকে ছয় হাজার বাসিন্দা এবং সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক হাজারেরও বেশি ফ্ল্যাট বিশিষ্ট এই আবাসিক ভবনে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ বসবাস করেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ভবনের চারপাশের ফুটপাত এবং হাঁটার বড় একটি অংশজুড়ে গড়ে উঠেছে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা। বিশেষ করে রাতের বেলা এসব অবৈধ দোকানের উপদ্রব বহুগুণ বেড়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, ফুটপাত হকার ও অবৈধ দখলের কারণে বাসিন্দাদের গাড়ি পার্কিং করা এবং পরিবার নিয়ে নিরাপদে চলাচল করা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। দিনের পর দিন এই পরিস্থিতি চললেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এতে বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক পথচারীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
নাগরিকদের দাবি, অবিলম্বে এই এলাকার ফুটপাত ও হাঁটার পথ অবৈধ দখলমুক্ত করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল। তাদের স্লোগান— “ফুটপাত হোক পথচারীর—দখলমুক্ত হোক নগরী।”




















