মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব পরিবার
- Update Time : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বাড়ি ভাঙ্গা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে লতিফ প্রধানের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘরে আগুন ছড়িয়ে পড়তে দেখে লতিফ প্রধান ও তার পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে চোখের পলকেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে মুহূর্তের মধ্যে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর চেষ্টাকালে পরিবারের এক সদস্য আহত হন; তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও বাড়ি ভাঙ্গা গ্রামের যুবসমাজ দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করে।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও জরুরি কাগজপত্রসহ মূল্যবান সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাণে বাঁচলেও চোখের সামনে সব হারিয়ে পরিবারটির বহুদিনের সঞ্চয় ও স্বপ্ন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।



















