সাগরদাঁড়িতে মধুসূদনের জন্মভিটায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন
- Update Time : ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা ও সংলগ্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বৃহস্পতিবার আনসার-ভিডিপি দলনেতা মো. আলী হোসেনের নেতৃত্বে সদস্যরা এই জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।
এ সময় আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মহাকবির জন্মভিটা প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে মশা নিধক স্প্রে ছিটান। দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি যশোর জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীরা এখানে ভিড় জমান। ফলে স্থানটির স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিষয়টি বিবেচনায় নিয়ে আনসার-ভিডিপি সদস্যদের এমন পদক্ষেপ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই উদ্যোগকে জনসেবার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।



















