রায়গঞ্জের সলঙ্গায় বজ্রপাত রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সততা প্রীতি’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি
- Update Time : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভয়াবহ বজ্রপাতের হাত থেকে এলাকার মানুষের জীবন রক্ষার্থে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় পালিত হলো ব্যতিক্রমী এক সমাজসেবামূলক কার্যক্রম।
প্রতিবছরের ন্যায় এ বছরও সলঙ্গার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে, পতিত ভিটে জমিতে এবং পুকুরপাড়ে বিপুলসংখ্যক তালবীজ রোপণ করা হয়েছে।
শিক্ষক ও সমাজসেবক হক স্বপন (Haq Swapon) স্যারের নেতৃত্বে একদল উদ্যমী স্বেচ্ছাসেবী দিনব্যাপী রায়গঞ্জ উপজেলার সলঙ্গার এক এলাকা থেকে অন্য এলাকা ঘুরে ঘুরে এসব তালবীজ রোপণ করেন। স্থানীয় পরিবেশপ্রেমী তরুণদের সাথে নিয়ে তিনি এই পরিবেশবান্ধব উদ্যোগটি পরিচালনা করেন।
উদ্যোক্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে সলঙ্গাসহ সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপায়ে বজ্রপাত প্রতিরোধে উঁচু প্রজাতির বৃক্ষ—বিশেষ করে তালগাছের ভূমিকা অত্যন্ত কার্যকরী। সলঙ্গার প্রাকৃতিক দূর্যোগ হ্রাস ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এ প্রচেষ্টা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। এলাকার প্রবীণ এক বাসিন্দা বলেন, “আজকের এই ছোট বীজগুলো একদিন বিশাল তালগাছে পরিণত হবে। এই সারিবদ্ধ তালগাছগুলো শুধু আমাদের বজ্রপাত থেকেই রক্ষা করবে না, সবুজ সৌন্দর্যে ভরে তুলবে পুরো সলঙ্গাকে। কয়েক বছর পর মানুষ যখন এই রূপ দেখবে, তখন শ্রদ্ধার সাথে উদ্যোগী তরুণদের কথা স্মরণ করবে।”
হক স্বপন স্যার জানান, এটি কেবল বীজ রোপণেই শেষ নয় রোপণকৃত বীজগুলো যেন সঠিকভাবে চারা হয়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত তদারকিও করা হবে। সমাজের অন্যান্য সচেতন নাগরিকদেরও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের সুরক্ষায় সলঙ্গার এই মহতী উদ্যোগ অন্যান্য অঞ্চলের মানুষকেও উৎসাহিত করবে বলে মনে করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম বলেন, বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অপরিসীম। তালগাছ প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে কাজ করে, কারণ এটি অনেক বেশি উঁচু হয় এবং বায়ুমণ্ডলের বৈদ্যুতিক চার্জকে সহজেই মাটিতে নিষ্ক্রিয় করে দিতে পারে।
তিনি আরও বলেন, তালগাছ মাটির ক্ষয় রোধ করে এবং এর শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে। বিশেষ করে পতিত জমি, রাস্তার ধার এবং পুকুরপাড়ে তালবীজ রোপণ করলে তা একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতেও অনন্য ভূমিকা রাখে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানবজীবন বাঁচাতে এই ধরনের স্বেচ্ছাসেবী তালবীজ রোপণ অভিযান অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ।




















